নাবালিকা পরিচারিকাকে ‘খুন’ করে দেহ লোপাটের চেষ্টা! মার্বেল গোডাউনে মিলল লাশ, রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া

পশ্চিমবঙ্গ নাবালিকা পরিচারিকাকে ‘খুন’ করে দেহ লোপাটের চেষ্টা! মার্বেল গোডাউনে মিলল লাশ, রণক্ষেত্র বীরভূমের সাঁইথিয়া বীরভূমের সাঁইথিয়ায় এক নাবালিকা পরিচারিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। নাবালিকাটিকে খুন করে দেহ গোডাউনে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তার মালিক পঙ্কজ পারেখ ও তাঁর ছেলে শ্রেয়াসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সাঁইথিয়া থানা চত্বর এবং সংলগ্ন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত জনতা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

বীরভূমের সাঁইথিয়ায় এক নাবালিকা পরিচারিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। নাবালিকাটিকে খুন করে দেহ গোডাউনে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তার মালিক পঙ্কজ পারেখ ও তাঁর ছেলে শ্রেয়াসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই সাঁইথিয়া থানা চত্বর এবং সংলগ্ন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত জনতা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

মৃত নাবালিকা সাঁইথিয়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্কজ পারেখের বাড়িতে গত দু’বছর ধরে কাজ করত। সে আদতে দেরিয়াপুর অঞ্চলের কাঞ্চননগর বাগডোলার বাসিন্দা এবং এক পরিচিত মহিলার মাধ্যমে ওই বাড়িতে কাজে এসেছিল। নাবালিকার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে ওই বাড়ির অন্য এক কর্মী লিপি বাউরি ফোন করে জানান যে মেয়েটি অসুস্থ এবং তাকে সাঁইথিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে তাঁদের জানানো হয়, নাবালিকাকে রামপুরহাট মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে একটি টোটো ভাড়া করে যাওয়ার পথে তাঁদের মদনপুর এলাকার ‘জৈন মার্বেল’ নামক একটি দোকানের গোডাউনের সামনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই নাবালিকার দেহ উদ্ধার হয়।

পরিবারের দাবি, নাবালিকাকে পরিকল্পিতভাবে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহটি মার্বেল গোডাউনে লুকিয়ে রাখা হয়েছিল। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার সকালে তাঁরা পথ অবরোধ শুরু করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠলেও বিক্ষোভকারীরা সাঁইথিয়া থানার সামনে অবস্থান চালিয়ে যান। পুলিশ ইতিমধ্যে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মালিক ও তাঁর ছেলের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও খবর