
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে এসএসসি গ্রুপ সি দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তাঁর আইনজীবী সিবিআইয়ের বিশেষ আদালতে ৯০ হাজার টাকার বেল বন্ড জমা দেন। এর ফলে এই নির্দিষ্ট মামলায় তিনি আইনানুগ জামিন লাভ করলেন। তবে, এখনই তাঁর কারামুক্তি ঘটছে না, কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় এখনও বাকি।
প্রসঙ্গত, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার হয়। এই ঘটনার পরেই ইডি প্রথমে অর্পিতা ও পরে পার্থবাবুকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে সিবিআই তদন্তভার গ্রহণ করলে, সেই মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। যদিও বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
এর আগে, আগস্ট মাসে শীর্ষ আদালত গ্রুপ সি মামলায় ৯০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেছিল। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার বন্ড জমা দেওয়া হলো এবং তিনি আনুষ্ঠানিকভাবে জামিন পেলেন।
তবে জেল থেকে বেরোতে হলে পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন পেতে হবে। কলকাতা হাইকোর্টে সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ওই মামলায় জামিন পেলেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তির পথ প্রশস্ত হবে। তিন বছরের বেশি সময় ধরে কারাবাসের পর পুজোর আগে তাঁর মুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে।
