
নয়া দিল্লি: নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের একবার গুরুতর অভিযোগ তুলে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, নির্দিষ্ট পরিকল্পনা মাফিক ভোটার তালিকা থেকে কংগ্রেস সমর্থক এবং দলিত-আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের নাম মুছে ফেলার এক জঘন্য চক্রান্ত চলছে। কয়েকটি সংস্থা এবং কল সেন্টারের মাধ্যমে এই ‘ভোটচুরি’র প্রক্রিয়া চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন, অথচ নির্বাচন কমিশন এই বিষয়ে সম্পূর্ণ নীরব দর্শক।
নিজের অভিযোগের সপক্ষে প্রমাণ হিসেবে রাহুল গান্ধী কর্নাটকের অলন্দ লোকসভা কেন্দ্রের উদাহরণ তুলে ধরেন। তিনি দাবি করেন, শুধুমাত্র ওই একটি কেন্দ্রেই ৬০১৮ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিরোধী দলনেতার মতে, যে সমস্ত বুথগুলিতে কংগ্রেস সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানেই বেছে বেছে এই কৌশল প্রয়োগ করা হচ্ছে।
এর আগেও কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় লক্ষাধিক ভুয়ো ভোটারের নাম থাকার অভিযোগ তুলেছিলেন রাহুল। এবার তাঁর অভিযোগ আরও এক ধাপ এগিয়েছে। তিনি জানালেন, শুধু ভুয়ো ভোটারের নাম ঢোকানোই নয়, একইসাথে বৈধ ভোটারদের নামও পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই কাজটি কয়েকটি নির্দিষ্ট ঠিকানা থেকে সংগঠিতভাবে করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রাহুল আরও অভিযোগ করেন, এই বিষয়ে কর্নাটক সিআইডি তদন্তের জন্য তথ্য চাইলেও নির্বাচন কমিশন সহযোগিতা করছে না এবং প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকার করছে, যা নিয়ে কমিশনের ভূমিকা সম্পর্কে একাধিক প্রশ্ন উঠছে।
