নিবিড় সমীক্ষার (SIR) প্রস্তুতি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের

দেশ, পশ্চিমবঙ্গ নিবিড় সমীক্ষার (SIR) প্রস্তুতি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের নয়াদিল্লি: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) সংক্রান্ত সমস্ত প্রস্তুতি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার জন্য সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, অক্টোবর-নভেম্বর মাস থেকেই এই বিশেষ সমীক্ষার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই প্রস্তুতির জন্য এই চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে।

নয়াদিল্লি: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) সংক্রান্ত সমস্ত প্রস্তুতি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার জন্য সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, অক্টোবর-নভেম্বর মাস থেকেই এই বিশেষ সমীক্ষার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই প্রস্তুতির জন্য এই চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে।

সম্প্রতি দিল্লিতে সমস্ত রাজ্যের সিইও-দের সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকে প্রথমে এসআইআর-এর প্রস্তুতিমূলক কাজ শেষ করার জন্য ১০ থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। তবে এবার ন’দিনের মধ্যেই সেই প্রস্তুতি পর্ব চূড়ান্তভাবে শেষ করার নির্দেশিকা জারি করা হলো।

এই সমীক্ষার অংশ হিসেবে প্রত্যেক ভোটার তালিকায় নথিভুক্ত প্রত্যেক ব্যক্তির জন্মস্থান পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে বলে জানিয়েছে কমিশন। কমিশনের মতে, সাম্প্রতিককালে একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা বহু অনুপ্রবেশকারীর সন্ধান মিলেছে। এমনকি তাদের অনেকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ জমা পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করতেই দেশজুড়ে এই নিবিড় সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজ্যকে গতবারের এসআইআর-এর ভিত্তিতে ভোটার তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল। পশ্চিমবঙ্গ ও দিল্লির মতো কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন করেছে। বাকি রাজ্যগুলিকেও দ্রুত এই তালিকা প্রকাশের জন্য পুনরায় নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, দিল্লিতে শেষবার এই ধরনের সমীক্ষা হয়েছিল ২০০৮ সালে এবং উত্তরাখণ্ডে ২০০৬ সালে। দেশের বেশিরভাগ রাজ্যে ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে শেষবার এসআইআর অনুষ্ঠিত হয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের ঠিক আগে এই বিশেষ নিবিড় সমীক্ষার সিদ্ধান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও খবর