
বিহারের রাজনীতিতে ফের বড় ধরনের সমীকরণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। সূত্রের খবর, বিহারের শাসনভার এবার বিজেপির হাতে তুলে দেওয়া হতে পারে এবং নীতীশ কুমারকে জাতীয় রাজনীতিতে পাঠিয়ে রাজ্যসভার সাংসদ করা হতে পারে।
বুধবার সকালে জেডিইউ নেতা সঞ্জয় ঝা দিল্লি থেকে পটনায় পৌঁছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করেন। এই বৈঠকের পর থেকেই বিহারের রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। গত বছর এনডিএ জোট সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় এই ধরনের রদবদলের ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা (৮৯) জেডিইউ-এর (৮৫) তুলনায় বেশি হওয়া সত্ত্বেও নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তবে এবার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে বিজেপি বিহারের কুর্সিতে নিজেদের মুখ বসাতে চাইছে। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি।
এই রদবদলের মাঝে আরও একটি বড় চমক হতে পারে নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের সক্রিয় রাজনীতিতে প্রবেশ। দীর্ঘদিনের দলীয় কর্মীদের দাবির মুখে নিশান্ত কুমার রাজনীতিতে যোগ দিতে পারেন এবং তাঁকে বিহারের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছে।
যদিও জেডিইউ বা এনডিএ-র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে বিহারের ক্ষমতার ভরকেন্দ্র যে বদলাতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে পটনার অন্দরে।
