
লন্ডন: যুক্তরাজ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত সাবেক এক সংসদীয় গবেষকসহ দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে প্রসিকিউশন। এই সিদ্ধান্তে অভিযুক্তরা স্বস্তি প্রকাশ করলেও ব্রিটিশ সরকারের শীর্ষ মহল তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে। অভিযুক্ত ক্রিস্টোফার ক্যাশ (৩০) এবং ক্রিস্টোফার বেরি (৩৩) শুরু থেকেই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অন্যদিকে, বেইজিং এই অভিযোগকে “বিদ্বেষমূলক অপপ্রচার” বলে আখ্যা দিয়েছিল।
অভিযোগ ছিল, ক্রিস্টোফার ক্যাশ এবং ক্রিস্টোফার বেরি ২০২১ সালের ২৮শে ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩রা ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের জন্য ক্ষতিকর তথ্য সংগ্রহ করে চীনের কাছে সরবরাহ করছিলেন।
সোমবার লন্ডনের ওল্ড বেইলি আদালতে মামলাটি উঠলে প্রসিকিউটর টম লিটল জানান, তারা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করবেন না এবং “এই মামলাটি আর চালানো সম্ভব নয়।” ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সংগৃহীত প্রমাণ বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। এর ফলে, বিচারপতি মিসেস চিমা-গ্রুব দুই অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে রায় দেন।
আদালতের বাইরে ক্রিস্টোফার ক্যাশ বলেন, “আমি স্বস্তি বোধ করছি যে শেষ পর্যন্ত সুবিচার হয়েছে।” তিনি তার গ্রেপ্তারের পর থেকে গত দুই বছরকে একটি “দুঃস্বপ্ন” বলে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে “এই দুঃখজনক পর্ব থেকে সবাই শিক্ষা নেবে।”
মামলা প্রত্যাহারের সিদ্ধান্তে ব্রিটিশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। হোম অফিসের এক বিবৃতিতে বলা হয়, “অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তারা যে বিচারের মুখোমুখি হচ্ছে না, তা হতাশাজনক।” ডাউনিং স্ট্রিটও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্রের মাধ্যমে বলে, “অভিযোগগুলো অত্যন্ত উদ্বেগজনক ছিল। এই ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবে না, এটি অত্যন্ত হতাশাজনক। কোনো বিদেশি শক্তির আমাদের সংসদ বা গণতন্ত্রে অনুপ্রবেশের চেষ্টা অগ্রহণযোগ্য।”
কনজারভেটিভ পার্টির প্রভাবশালী এমপি এবং সাবেক ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারওম্যান অ্যালিসিয়া কার্নস বলেন, “আমার কাছে এটা স্পষ্ট নয় কেন ক্রিস ক্যাশ এবং ক্রিস্টোফার বেরিকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে বিচার করা গেল না। প্রমাণে এই দুজনের সঙ্গে চীনের ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট এবং পলিটব্যুরোর, অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টির একেবারে শীর্ষ স্তরের সরাসরি যোগসূত্র দেখা গেছে।”
জানা গেছে, অভিযুক্ত ক্রিস্টোফার ক্যাশ সংসদের চায়না রিসার্চ গ্রুপ (CRG)-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং নিরাপত্তা মন্ত্রী টম টুগেনডাট এবং অ্যালিসিয়া কার্নসসহ একাধিক কনজারভেটিভ এমপির তার কাছে যাতায়াত ছিল।
