মারা গেলেন দুবাই শাসকের ভাই শেখ আহমেদ, ১০ দিনের সরকারি শোক ঘোষণা

মধ্যপ্রাচ্য, বিশ্ব মারা গেলেন দুবাই শাসকের ভাই শেখ আহমেদ, ১০ দিনের সরকারি শোক ঘোষণা sheikh-ahmed-bin-rashid-al-maktoum-dies সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দুবাই রুলারস কোর্ট আমিরাতজুড়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে দুবাই রুলারস কোর্ট আমিরাতজুড়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করেছে।

১৯৫০ সালে জন্মগ্রহণকারী শেখ আহমেদ ছিলেন দুবাইয়ের সাবেক শাসক প্রয়াত শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের কনিষ্ঠ পুত্র। যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি দুবাইয়ের সেন্ট্রাল মিলিটারি কমান্ডে যোগ দেন এবং পরবর্তীতে এর কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যানসহ আমিরাতের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি শীর্ষ পদে আসীন ছিলেন। পাশাপাশি এ.আর.এম. হোল্ডিং (A.R.M. Holding) এবং দুবাই রিয়েল এস্টেট সেন্টারের মতো প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে তিনি দুবাইয়ের ব্যবসা, আবাসন ও ক্রীড়া ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আবেগঘন একটি পোস্ট করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ। তিনি লেখেন, “আল্লাহ শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের প্রতি রহম করুন। হে আমার ভাই, আল্লাহ তোমার প্রতি করুণা বর্ষণ করুন। তুমি আজ আমাদের মাঝে না থাকলেও, আমাদের প্রার্থনা ও হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।”

দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও তাঁর চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এদিকে, শেখ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে আমি মোহাম্মদ বিন রশিদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের সূচনালগ্ন থেকে দেশের উন্নয়নে তাঁর দীর্ঘস্থায়ী অবদান আমাদের জাতির অগ্রযাত্রাকে চিরকাল অনুপ্রাণিত করবে। মহান আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন এবং এই কঠিন সময়ে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন।”

দুবাই রুলারস কোর্ট জানিয়েছে, সোমবার থেকেই এই ১০ দিনের সরকারি শোক পালন শুরু হয়েছে। শোক পালনের এই পুরো সময়জুড়ে আমিরাতের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

আরও খবর