
উত্তরপ্রদেশের কানপুরে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে চকেরি থানার রাধে নগর এলাকায় ১১ বছর বয়সী এক পঞ্চম শ্রেণীর ছাত্রী নিজের বাড়িতেই আত্মঘাতী হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী হওয়ার আগে ওই কিশোরী তার মা ও ভাইকে একটি ঘরের ভেতর আটকে রেখেছিল।
মৃতার মা জানান, শনিবার স্কুল থেকে ফেরার পর থেকেই কাজলের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। সাধারণত স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে গল্প করলেও সেদিন সে অত্যন্ত বিমর্ষ ছিল। দুপুর ১টা নাগাদ কাজল কৌশলে তার মা ও ভাইকে ঘরে বন্দি করে ফেলে এবং পাশের ঘরে গিয়ে এই চরম পথ বেছে নেয়। ঘরের ভেতর থেকে মা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ছাদের দরজা ভেঙে ভেতরে ঢোকেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। চকেরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় প্রকাশ মিশ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পড়াশোনার চাপ নাকি অন্য কোনো কারণ এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
